মাজার রক্ষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
প্রকাশিত: ৭:৫২:০০ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

লাস্টনিউজবিডি, ১৫ সেপ্টেম্বর: দেশের বিভিন্ন স্থানে ভেঙে ফেলা হচ্ছে মাজার। সেই মাজার রক্ষায় এবং সেখানকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রবিবার মন্ত্রণালয় থেকে জারি করা পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে।
এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।
বিজ্ঞপ্তিতে মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
লাস্টনিউজবিডি/এএইচ