৪২ বছরে পা রাখলেন নাদিয়া আহমেদ
প্রকাশিত: ১:৪৫:০০ অপরাহ্ণ, ৩১ আগস্ট, ২০২৪

লাস্টনিউজবিডি ৩১ আগস্ট: বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ আজ তার ৪২তম জন্মদিন। ১৯৮২ সালের আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন। শোবিজে এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এবার পারিবারিক আয়োজনে জন্মদিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
জন্মদিন উদযাপন প্রসঙ্গে নাদিয়া বলেন, জন্মদিন সব মানুষের কাছে বিশেষ একটি দিন। আমার কাছেও তার ব্যতিক্রম নয়। আমার জন্মদিন আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ একই দিনে আমার মায়েরও জন্মদিন। প্রতিবারই বেশ আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপন করি। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা রাখিনি।
১৯৮৪ সালে বিটিভির নাচের অনুষ্ঠান ‘শিশুমেলায়’ নৃত্যশিল্পী হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু নাদিয়ার। তবে তিনি আলোচনায় আসেন ১৯৯২ সালে ‘বড় রকমের মানুষ’ধারাবাহিকে অভিনয় করে। এরপর থেকে সাবলীল অভিনয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শকদের। বর্তমানে খণ্ড নাটকের চেয়ে ধারাবাহিক নাটকে বেশি সময় দিচ্ছেন নাদিয়া।
ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছেন নাদিয়া। প্রথমে ভালোবেসে ২০০৮ সালে জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে ২০১৩ সালে সেই সংসার ভেঙে যায় তার। এরপর ২০১৬ সালে মডেল-অভিনেতা এফ এস নাঈমকে বিয়ে করেন নাদিয়া। বর্তমানে দ্বিতীয় স্বামীর সঙ্গে বেশ সুখেই সংসার করছেন তিনি।
নাদিয়ার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে— ‘দূরের মানুষ’, ‘নীল রঙের গল্প’, ‘চার কন্যা’, ‘অবশেষে কাছে এসে’, ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’, ‘একটি বাবুই পাখির বাসা’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘ওরা বখাটে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘অল্প স্বল্প গল্প’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘চাইল্ডহুড লাভ’, ‘তোর কপালে দুঃখ আছে’ ইত্যাদি।
লাস্টনিউজবিডি/জে আই