image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

প্রকাশিত: ৪:১৯:০০ অপরাহ্ণ, ৬ নভেম্বর, ২০২৬

img

লাস্টনিউজবিডি, ৬ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। তাঁর উদ্বোধনী বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও জানান, ৫ নভেম্বর থেকে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরেও শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করবে। পাশাপাশি ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি পালনে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয় উদ্‌যাপন বন্ধ করে দিয়েছিল। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘ বিরতির পর দিবসটি আবারও রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে পালিত হতে যাচ্ছে।

লাস্টনিউজবিডি/পি


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত