রাজশাহীতে অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৪৯
প্রকাশিত: ৫:৪৩:০০ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

লাস্টনিউজবিডি, ৩০ সেপ্টেম্বর: রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রাজশাহী রেঞ্জ পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতি, হত্যা ও সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা হয়নি। দস্যুতার ঘটনায় একটি, চুরির ঘটনায় একটি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। অন্যান্য ধারায় মামলা হয়েছে ৩৪টি।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানামূলে ৪০ জন, সাজাপ্রাপ্ত ৪০ জন, তদন্তাধীন মামলায় ৬৩ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় ছয়জন রয়েছেন। এছাড়া মাদক কারবারি ও মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি বাণিজ্যিক চাকু, একটি লোহার তৈরি সচল ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ককটেল-সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮০ পিস ইয়াবা, ১৯ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ।
লাস্টনিউজবিডি/এ