রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত: ৬:৪২:০০ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী প্রতিনিধি লাস্টনিউজবিডি, ১৬ সেপ্টেম্বর: রাজশাহীর চারঘাটে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাওদাড়া চারা বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চারঘাট-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী তমিজ উদ্দিনের পুকুরে লাশটি ভাসতে দেখেন স্কুলগামী কয়েকজন শিক্ষার্থী। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুকুরে লাশ দেখতে পান। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রেন্টু আলী জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন বলে স্থানীয়দের ধারণা। বেশ কিছুদিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
লাস্টনিউজবিডি/এ