image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

সিলেটে সাংবাদিক হেনস্তার অভিযোগ, প্রতিমন্ত্রীর কর্মসূচি বয়কট

প্রকাশিত: ৮:২৫:০০ অপরাহ্ণ, ৪ সেপ্টেম্বর, ২০২৬

img

লাস্টনিউজবিডি, ৪ সেপ্টেম্বর: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। প্রতিবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুষ্ঠানসহ বিএনপির সব ধরনের কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের স্থানীয় সাংবাদিকেরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেটে গিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জুমার নামাজ শেষে মাজার জিয়ারত করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা ছিল তার।

মুসল্লিদের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য সাংবাদিকেরা মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন। তবে প্রতিমন্ত্রী বের হওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে সাংবাদিকদের কাজের পরিবেশ ব্যাহত হয় বলে অভিযোগ করেন তারা।

একপর্যায়ে সাংবাদিকেরা মাজারের বাইরে বেরিয়ে এলে ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে কয়েকজন নেতা-কর্মী তাদের দিকে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের অভিযোগ, এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যামেরায় তাদের দেখানোর জন্য সাংবাদিকদের নির্দেশ দেন। পরে প্রতিমন্ত্রীর পাশে থাকা কয়েকজন নেতা-কর্মী পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তাদের ওপর চড়াও হন।

এ ঘটনায় সংবাদ সংগ্রহের সময় আহত হন সময় টেলিভিশনের রিপোর্টার অপু বণিক, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, চ্যানেল ওয়ানের রিপোর্টার এম এ কাইয়ুম, ডিবিসি নিউজের তাওহিদুর রহমান শাহ, কালের কণ্ঠের বিভাগীয় মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ, ডিবিসির ক্যামেরাপার্সন সাকিব আহমদ এবং এটিএন নিউজের রিপোর্টার কামরুল ইসলাম মাহি।

সাংবাদিকেরা জানান, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন তারা। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকেরা।

পরে সাংবাদিকেরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অনুষ্ঠানসহ বিএনপির সব ধরনের কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নেন সিলেটের স্থানীয় সাংবাদিকেরা।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


লাস্টনিউজবিডি/এ


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত