image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২০:০০ অপরাহ্ণ, ৮ আগস্ট, ২০২৬

img

ফাইল ছবি

লাস্টনিউজবিডি ৮ আগস্ট: কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করার পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম।

তিনি বলেন, “আসামি যাতে পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সে জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর।

পরে তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন।

একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।

তবে নির্ধারিত সময়ের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর আত্মসমর্পণ করেননি বলে জানান কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু।

ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে পিবিআই।

লাস্টনিউজবিডি/যে আই


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত