image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলার অভিযোগ

প্রকাশিত: ১০:১৯:০০ অপরাহ্ণ, ৩০ জুলাই, ২০২৬

img

ফাইল ছবি

লাস্টনিউজবিডি ৩০ জুলাই : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্র ও যুবশক্তির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও বিএনপি অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জাতীয় ছাত্র ও যুবশক্তির দাবি, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে সংগঠনটির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

তবে অভিযোগ নাকচ করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, এনসিপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। তার ভাষ্য, ছাত্রদলের কর্মী মমিনুল ইসলাম বাড়ি ফেরার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হলে পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মীরা এনসিপির ব্যানারে উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি করছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা বিএনপির নেতারা ফুলবাড়ীতে যাচ্ছেন বলেও জানান তিনি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাস্টনিউজবিডি/যে আই


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত