আবারও বদলে গেল পুলিশের পোশাক
প্রকাশিত: ৭:৪৮:০০ অপরাহ্ণ, ১৯ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ১৯ জুন: বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। আগের মতো গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের পোশাকে ফিরছে পুলিশ সদস্যরা। তবে এবার সব ইউনিটের সদস্যদের প্যান্টের রঙ হবে খাকি।
এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে গেজেটটি প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গেজেট অনুযায়ী, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে, মহানগর পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ বা জলপাই রঙের শার্ট। সব ইউনিটের প্যান্টের রঙ হবে খাকি।
তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে। তাদের বর্তমান ইউনিফর্ম অপরিবর্তিত থাকছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সেই সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও ওঠে।
এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বাহিনীর সদস্যদের জন্য ‘আয়রন’ বা লোহার রঙের নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয় এবং ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেন।
তবে নতুন ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সদস্য পোশাকের রঙ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের ট্রল ও সমালোচনার কারণে তারা অস্বস্তিতে ছিলেন বলেও অভিযোগ ওঠে।
পরে বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
সংগঠনটির ভাষ্য ছিল, নতুন ইউনিফর্ম নির্ধারণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রঙ ও দেশের আবহাওয়ার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি, নতুন পোশাকের সঙ্গে অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর পোশাকের সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সহজে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছিল। এ কারণে বাহিনীর অধিকাংশ সদস্য ওই পরিবর্তনের পক্ষে ছিলেন না বলে সংগঠনটি দাবি করে।
লাস্টনিউজবিডি/জে আই