জুনের ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
প্রকাশিত: ১০:৫৩:০০ পূর্বাহ্ণ, ১৫ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি: চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো সবচেয়ে বেশি ৮২ কোটি ৫৩ লাখ ডলার প্রবাসী আয় সংগ্রহ করেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।
রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা গত কয়েক মাস ধরেই বজায় রয়েছে। গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসের হিসাবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেকর্ড।
এদিকে, চলতি বছরের এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, সরকারের প্রণোদনা সুবিধা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা বাড়ার কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। তারা মনে করছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।
লাস্টনিউজবিডি/জে আই