বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি
প্রকাশিত: ৫:২৪:০০ অপরাহ্ণ, ১২ জুন, ২০২৬

বিএসইসি
লাস্টনিউজবিডি ১২ জুন: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বহাল থাকা ফ্লোরপ্রাইস অবশেষে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাজার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি হতে পারে। কমিশনের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন থেকে সর্বনিম্ন মূল্যসীমা বা ফ্লোরপ্রাইস তুলে নেওয়া হবে।
বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোরপ্রাইস ১১০ টাকা ১০ পয়সা এবং ইসলামী ব্যাংকের ৩২ টাকা ৬০ পয়সা নির্ধারিত রয়েছে।
সূত্রগুলোর ভাষ্য, কমিশনের একটি বিশেষ সভায় এ সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে মো. মাসুদ খান ফ্লোরপ্রাইস ব্যবস্থার বিরোধিতা করে বলেন, ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই বাজারে ফ্লোরপ্রাইস আরোপ করা হবে না। পরে রোববার সিএফএ সোসাইটি বাংলাদেশের এক অনুষ্ঠানে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল বিএসইসির নতুন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে চেয়ারম্যান তাদেরও বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পরিকল্পনার কথা জানান বলে জানা গেছে।
ফ্লোরপ্রাইস হচ্ছে কোনো শেয়ারের লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত সর্বনিম্ন মূল্যসীমা, যার নিচে কেনাবেচার আদেশ দেওয়া যায় না।
কোভিড-১৯ মহামারির শুরুর দিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারে ব্যাপক দরপতনের প্রেক্ষাপটে ২০২০ সালের ১৯ মার্চ তৎকালীন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন শেয়ারবাজারে ফ্লোরপ্রাইস আরোপ করে।
পরবর্তী সময়ে ধাপে ধাপে অধিকাংশ কোম্পানির শেয়ারের ওপর থেকে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হলেও বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তা বহাল ছিল। ২০২৪ সালে দায়িত্ব নেওয়া সাবেক চেয়ারম্যান রাশেদ মাকসুদ খানও ফ্লোরপ্রাইসের বিপক্ষে অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে তার মেয়াদকালে এ দুই কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহার করা হয়নি।
ফলে প্রায় ছয় বছরের বেশি সময় পর বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারও স্বাভাবিক বাজার ব্যবস্থার আওতায় ফিরতে যাচ্ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
লাস্টনিউজবিডি /জে আই