ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
প্রকাশিত: ১১:০৫:০০ পূর্বাহ্ণ, ১০ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ১০ জুন: ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।
তিনি জানান, ট্রেনটির সামনের নয়টি বগি লাইন ধরে এগিয়ে গেলেও একটি বগি আটকে পড়ে। সেটি উদ্ধারে রেলওয়ের কর্মীরা কাজ করছেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা মোতায়েন করা হয়েছে।
উদ্ধার কার্যক্রম চলমান থাকায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে লাইনচ্যুতির ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
লাস্টনিউজবিডি/জে আই