মেঘনার পানি শোধন করে ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল
প্রকাশিত: ১:২৭:০০ অপরাহ্ণ, ৮ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ৮ জুন: মেঘনা নদীর পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে শোধন করে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পানির চাহিদা পূরণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ভূ-উপরিস্থ উৎস থেকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তার ভাষ্য, প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। এতে প্রায় ৪৩ লাখ মানুষ উপকৃত হবে।
মির্জা ফখরুল বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশুদ্ধ পানির সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমবে। ফলে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে পরিবেশের ওপর যে চাপ তৈরি হচ্ছে, তা অনেকাংশে হ্রাস পাবে।
পরিদর্শনকালে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তারা জানান, অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্নের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজও পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
পরিদর্শনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাস্টনিউজবিডি/জে আই