জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর
প্রকাশিত: ৮:৫৮:০০ অপরাহ্ণ, ২ জুন, ২০২৬

লাস্টনিউজবিডি, ২ জুন: জাতিসংঘের সাধারণ পরিষদে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) হওয়া ভোটাভুটিতে জয়ী হন তিনি।
মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন ড. খলিলুর।
এ নির্বাচনে বাংলাদেশের ড. খলিলুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
প্রায় ৪০ বছর পর বাংলাদেশ আবারও এই গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
প্রাথমিকভাবে চার বছর আগে ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করা হলেও রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত ছিল। পরবর্তীতে ফিলিস্তিনের প্রার্থিতা ঘোষণা ও প্রত্যাহারের পর পরিস্থিতি পরিবর্তিত হয়। ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম ভোট বিভক্ত হওয়ার আশঙ্কাও তখন আলোচনায় আসে।
সর্বশেষ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার নতুন করে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়ম অনুযায়ী, ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি একটি করে ভোট প্রদান করে এবং গোপন ব্যালটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী সভাপতি নির্বাচিত হন।
লাস্টনিউজবিডি/কেএমজে