জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ, লড়ছেন খলিলুর রহমান
প্রকাশিত: ৯:৫১:০০ পূর্বাহ্ণ, ২ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ২ জুন: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে আজ মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় এ নির্বাচন শুরু হবে।
এবার সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস।
প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর আর কোনো বাংলাদেশি এ পদে নির্বাচনে অংশ নেননি।
বাংলাদেশ প্রায় চার বছর আগে ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দেয়। তবে শেষ মুহূর্তে ফিলিস্তিনও প্রার্থী হওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা থাকায় বিষয়টি নিয়ে কূটনৈতিক আলোচনা চলে। পরে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি একটি করে ভোট দেয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনো প্রার্থী নির্বাচিত হন।
নির্বাচনকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী। বাংলাদেশ অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী। এ নির্বাচনে আমরা অত্যন্ত ভালো অবস্থানে আছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমরা আশা করছি বাংলাদেশ বিজয়ী হবে।
তিনি আরও বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হবে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য এবং দেশের মানুষের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বাংলাদেশের কূটনৈতিক মহলও মনে করছে, এ নির্বাচনে জয়ী হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পাবে।
লাস্টনিউজবিডি/জে আই