দেশের বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
প্রকাশিত: ৮:১৫:০০ পূর্বাহ্ণ, ১ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ১ জুন: জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দামে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে, তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
শনিবার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ তথ্য জানিয়েছে। নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। তবে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা রাখা হয়েছে।
এর ফলে আগের মাসের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বেড়েছে।
সবশেষ গত ১৮ এপ্রিল জ্বালানি বিভাগ জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতদিন ওই দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছিল।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসজুড়ে সংশোধিত মূল্যহার কার্যকর থাকবে।
লাস্টনিউজবিডি/জে আই