ইসলামী ব্যাংকে চরম উত্তেজনা, পদত্যাগের হিড়িক (ভিডিও)
প্রকাশিত: ১০:৪৬:০০ অপরাহ্ণ, ২৪ মে, ২০২৬

লাস্টনিউজবিডি, ২৪ মে: রাজধানীসহ সারাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যাংকের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’, গ্রাহক হয়রানি ও অর্থ পাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
রোববার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে পুনর্বহাল করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র চলছে এবং ব্যাংকের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
বক্তারা আরও দাবি করেন, সাধারণ গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে একই দিনে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। তিনি রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন।
গ্রাহকদের আন্দোলনের মুখে ব্যাংকের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভাও অনুষ্ঠিত হয়নি। চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগ নিয়ে আলোচনা চলছিল বলে জানা গেছে। ড. জুবায়দুর রহমান ২০২৫ সালের ২৩ জুলাই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
লাস্টনিউজবিডি/কেএমজে