এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ নেতার নামে এবার ছাত্রদলের পাল্টা মামলা
প্রকাশিত: ১০:০৩:০০ পূর্বাহ্ণ, ২৪ মে, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ২৩ মে: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে।
শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির। মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আগের মামলার বাদী তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়া ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরান।
এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন।
বাদীর অভিযোগ, বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে “কুরুচিপূর্ণ ও মানহানিকর” মন্তব্য করা হয়। এতে তারেক রেজা উসকানি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ সময় প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে মামলায় দাবি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলায় এনামুল কবির গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ আরও কয়েকজন আহত হন।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় পিস্তলের বাট, ধারালো অস্ত্র ও ইট ব্যবহার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান শনিবার বিকালে বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে এনসিপির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই পাল্টা মামলা হলো।
লাস্টনিউজবিডি/জে আই