নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা
প্রকাশিত: ২:৪৬:০০ অপরাহ্ণ, ৮ মে, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ৮ মে: সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা অবৈধভাবে আয় করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ওই অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে।
সিআইডি জানায়, বনানী এলাকায় ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে সেখানে পাঁচতারকা হোটেল ‘শেরাটন’ পরিচালনা করে আসছে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে চুক্তি সংশোধনের অভিযোগও আনা হয়েছে।
সংস্থাটি আরও বলেছে, ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি।
ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে সিআইডি।
তদন্ত চলাকালে বেদখল হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণের পর অর্থ পাচারের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
লাস্টনিউজবিডি/জে আই