জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ
প্রকাশিত: ৭:৫৭:০০ অপরাহ্ণ, ৬ মে, ২০২৬

লাস্টনিউজবিডি, ৬ মে: বগুড়ায় ‘জিন তাড়ানোর’ কথা বলে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার নামাজগড় এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভুগছিলেন তিনি। এ কারণে পরিবার কবিরাজ রেজাউল করিমের শরণাপন্ন হয়। কবিরাজ দাবি করেন, ওই কিশোরীর ওপর ‘জিনের আছর’ রয়েছে এবং ঝাড়ফুঁকের মাধ্যমে তা দূর করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন রেজাউল। এ সময় পরিবারের অন্য সদস্যদের কক্ষের বাইরে থাকতে বলা হয়। ঝাড়ফুঁক করার একপর্যায়ে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।
কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে কবিরাজকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনা জানার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
লাস্টনিউজবিডি/এসআই