ঈদুল আজহা সামনে, কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৩ লাখ
প্রকাশিত: ৪:০৬:০০ অপরাহ্ণ, ৩ মে, ২০২৬

লাস্টনিউজবিডি, ৩ মে: পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এবার চাহিদা হবে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।
রোববার (৩ মে) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে গত বছর (২০২৫) পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। গত বছর কোরবানি পরে ৩৩ লাখ ১০ হাজার পশু উদ্বৃত্ত ছিল।
আসন্ন পবিত্র ঈদুল আযহা, ২০২৬ উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল/পরিবহন নিশ্চিতকল্পে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয়। ওই সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
লাস্টনিউজবিডি/এসআই