ইসিতে এনসিপির মনিরা শারমিনের আপিল
প্রকাশিত: ৪:৪০:০০ অপরাহ্ণ, ২৬ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ২৬ এপ্রিল: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন।
রোববার (২৬ এপ্রিল) তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন জমা দেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন তার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
জানা যায়, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন এবং প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালে তিনি পদত্যাগ করেন।
তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর না পেরোলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করা যায় না।
এই আইনি বিধান অনুযায়ী, চাকরি ছাড়ার পর নির্ধারিত সময় না পার হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।
লাস্টনিউজবিডি/কেএম