বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উৎযাপিত
প্রকাশিত: ৬:২৭:০০ অপরাহ্ণ, ১৪ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ১৪ এপ্রিল, রহিদুল ইসলাম, রাজশাহী: “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার। বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় বর্ষবরণের অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। পালকি, ব্যানার-ফেস্টুন ও বাঙালিয়ানা ঐতিহ্যের নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি নগরজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।
এছাড়াও জেলার উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব মুখর ভাবে বৈশাখী পালিত হয়েছে।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ উদযাপন : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের মনোরম ও প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে এবং নববর্ষের আয়োজনে বাঙালি সংস্কৃতির চমৎকার উপস্থাপন সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান বলেন, “নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুব শিগগিরই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে। অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত শিক্ষা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমানসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
দিনব্যাপী ক্যাম্পাসে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। মেলায় ছিলো টেপা পুতুল, সখের হাঁড়ি, বাঁশ-বেতের সামগ্রী, রঙিলা পান, পাপড় ভাজা, কালাইয়ের রুটি, হাতপাখা আর্ট, নকশিকাঁথা, গরম জিলাপি, পান্তা-ইলিশ, শুভ হালখাতা, রিকশা আর্ট, খেলনার দোকানসহ বিভিন্ন স্টল।
এছাড়াও কোরিয়ান স্টল, সাংবাদিকতা স্টল, বানর খেলা ও সাপ খেলার মাধ্যমে বৈশাখী সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ ফুটে ওঠে।
লাস্টনিউজবিডি/কেএম