খতনা করাতে গিয়ে শিশুর অঙ্গহানি, ফার্মেসি মালিক আটক
প্রকাশিত: ৮:৩২:০০ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ১১ এপ্রিল: রাজধানীর মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে এক শিশুর অঙ্গহানির অভিযোগে ফার্মেসি মালিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) মোহাম্মদপুর থানা পুলিশ খলিলুর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, খলিলুর রহমান পেশায় একজন ফার্মেসি মালিক। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায় হলেও বর্তমানে তিনি রাজধানীর ঢাকা উদ্যানে বসবাস করছেন।
অভিযোগের বিষয়ে খলিলুর রহমান দাবি করেন, গত ২২ মার্চ তিনজন ব্যক্তি শিশুটিকে তার কাছে নিয়ে আসেন। তাদের মধ্যে সজীব নামের একজন নিজেকে শিশুটির মামা হিসেবে পরিচয় দেন এবং শিশুটিও একই কথা জানায়।
তার ভাষ্য অনুযায়ী, খতনার সময় শিশুটিকে ধরে রাখা ব্যক্তি হঠাৎ হাত ছেড়ে দিলে শিশুটি নড়াচড়া করে ওঠে। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
খতনা করার জন্য তার কোনো আনুষ্ঠানিক সনদ রয়েছে কি না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, তিনি একজন ফার্মাসিস্ট এবং এলএমএফ ডিগ্রিধারী। এছাড়া এমসিএইচ নামে একটি কোর্স করেছেন বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় শিশুটির বর্তমান অবস্থা এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
লাস্টনিউজবিডি/জে আই