হজযাত্রীদের জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
প্রকাশিত: ৮:৫২:০০ অপরাহ্ণ, ১০ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ১০ এপ্রিল: হজযাত্রায় নিষিদ্ধ পণ্য ব্যবহার না করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের সতর্ক করে বলা হয়, হজ এজেন্সি বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হজের ফরজ ও ওয়াজিব কী কী-
হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, ‘বিগত বছরগুলোতে বারবার সতর্ক করা সত্ত্বেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে অনেক সময় নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করে।’
হজযাত্রীদের কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে জানিয়ে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে। এমনকি তিনি হজ করার সুযোগও হারাতে পারেন।’
লাস্টনিউজবিডি/কেএম