বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করার আহ্বান
প্রকাশিত: ৮:৪১:০০ পূর্বাহ্ণ, ১০ এপ্রিল, ২০২৬

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ১০ এপ্রিল: চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগে বসন্তকালীন ছুটিতে শিক্ষার্থীদের ফুল উপভোগ ও প্রেম করার আহ্বান জানানো হয়েছে। ভালো ফলাফলমুখী শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত দেশটিতে এ ধরনের নির্দেশনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব অ্যাভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্ত ছুটির প্রতিপাদ্য ছিল ‘ফুল দেখো, আর রোমান্স উপভোগ করো’। গত মাসে প্রকাশিত এক নোটিশে শিক্ষক-শিক্ষার্থীদের বই-খাতা সরিয়ে রেখে প্রকৃতির মাঝে সময় কাটানো এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিশ্লেষকদের মতে, চীনে জনসংখ্যা বৃদ্ধি ও নাগরিকদের অভ্যন্তরীণ আনন্দ বাড়ানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারও কর্মীদের পর্যায়ক্রমিক বেতনসহ ছুটিতে যেতে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে।
এর আগে গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি স্কুলগুলোতে বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দেয় চীন সরকার। সিচুয়ান ও পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশসহ সুঝৌ ও নানজিং শহর ইতোমধ্যে বসন্তকালীন ছুটির পরিকল্পনা ঘোষণা করেছে, যা মূলত এপ্রিল বা মে মাসের শুরুতে নির্ধারিত।
১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশটিতে ভ্রমণ ও অবসর কার্যক্রম বাড়িয়ে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ ও সম্পর্ক জোরদার করতে চায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বেশি অবসর সময় মানুষের সন্তান নেওয়ার আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালে টানা চতুর্থবারের মতো চীনের জনসংখ্যা কমেছে এবং জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।
এদিকে “শিশুবান্ধব নগর” গড়ে তুলতে নতুন নির্দেশনা জারি করেছে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, ক্রীড়া ও বিনোদনসহ বিভিন্ন জনসেবার উন্নয়ন জোরদারের কথা বলা হয়েছে।
চীনের ট্রাভেল কোম্পানি ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও জনসংখ্যা বিশেষজ্ঞ জেমস লিয়াং বলেন, সন্তান লালন-পালনের জন্য সমাজে পর্যাপ্ত সময় ও অর্থ থাকা প্রয়োজন। বড় পরিবার গঠনের সামাজিক ও ব্যক্তিগত সুবিধা সম্পর্কে তরুণদের সচেতন করতে আরও উদ্যোগ নেওয়া জরুরি।
লাস্টনিউজবিডি/জে আই