বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি গোনাহ হবে?
প্রকাশিত: ৪:৫৩:০০ অপরাহ্ণ, ২৮ মার্চ, ২০২৬

প্রতীকী ছবি
লাস্টনিউজবিডি, ২৮ মার্চ: মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পবিত্রতা রক্ষা ও শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ইসলাম ধর্মে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। তবে পবিত্রতা অর্জনের প্রক্রিয়ার সঙ্গেও ইসলাম গভীরভাবে নীতিমালা নির্ধারণ করেছে। যেমন, গোসল বা বাথরুমে থাকা অবস্থায় কেমন আচরণ করতে হবে, শরীর কতটুকু ঢেকে রাখতে হবে, এসব বিষয়ে হাদীস ও সাহাবিদের আমলে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
অনেকের মনে প্রশ্ন জাগে বাথরুমে একা থাকলে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? নাকি এটি গুনাহ? চলুন কুরআন-হাদীসের আলোকে বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই।
প্রশ্ন: আবদ্ধ বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?
উত্তর: আবদ্ধ বাথরুমে বা কেউ দেখবে না এমন যে কোনো জায়গায় নগ্ন হয়ে গোসল করা নাজায়েজ নয় এবং নগ্ন হয়ে গোসল করলে গুনাহ হবে না। তবে প্রয়োজন ছাড়া বাথরুমে বা অন্যান্য নির্জন জায়গায়ও পুরোপুরি নগ্ন হওয়া উচিত নয়। বরং যতটুকু প্রয়োজন ততটুকুই সতর খোলা উচিত। কারণ নবীজি (সা.) নির্জন জায়গায়ও অপ্রয়োজনে নগ্ন হতে অনুৎসাহিত করেছেন।
বাহয ইবনে হাকিম থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো?
তিনি বলেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার সামনেই তা আবৃত রাখবেন। আমি প্রশ্ন করলাম, পুরুষেরা একত্রে অবস্থানরত থাকলে? নবীজি (সা.) বললেন, যতদূর সম্ভব কেউ যেন তোমার আভরণীয় স্থান দেখতে না পারে সেই চেষ্টা করবেন।
আমি আবার প্রশ্ন করলাম, আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হাকদার। (সুনানে তিরমিজি: ২৭৬৯)
লাস্টনিউজবিডি/কেএম