শেখ মুজিব স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর করেননি, জিয়া স্বাধীনতার ঘোষণা দেন : সোহেল তাজ
প্রকাশিত: ৯:০৪:০০ পূর্বাহ্ণ, ২৮ মার্চ, ২০২৬

ছবি - সংগৃহীত
লাস্টনিউজবিডি ২৮ মার্চ: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দাবি করেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গ্রেফতারের আগে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক রয়েছে, তার একটি কারণ হলো ইতিহাসকে বিভিন্নভাবে ব্যবহার করা। তার ভাষ্য অনুযায়ী, ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণাপত্রে সই করেননি এবং তাজউদ্দীন আহমদ-এর নিয়ে যাওয়া টেপ রেকর্ডারে ঘোষণাও দিতে রাজি হননি। এতে সাময়িকভাবে দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় এবং পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে।
এ অবস্থায় জিয়াউর রহমান নিজ উদ্যোগে স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করেন সোহেল তাজ। পরে তিনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা সংশোধন করে আবার প্রচার করেন। সোহেল তাজ বলেন, জিয়াউর রহমানের কণ্ঠে প্রচারিত সেই ঘোষণা দেশব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে এবং বিশেষ করে সেনাবাহিনী, ইপিআর ও পুলিশ সদস্যদের ওপর এর প্রভাব পড়ে।
তিনি আরও উল্লেখ করেন, একই সময়ে এম এ হান্নান-সহ আরও কয়েকজন স্বাধীনতার ঘোষণা দেন, তবে জিয়াউর রহমানের ঘোষণাটি বেশি মানুষের কাছে পৌঁছায়।
পরে তাজউদ্দীন আহমদ ও সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের সামরিক, কূটনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
সোহেল তাজ তার পোস্টে বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
লাস্টনিউজবিডি/জে আই