জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা পরিদর্শনে মৌলভীবাজারের ডিজিএম
প্রকাশিত: ১২:৩৩:০০ অপরাহ্ণ, ২৬ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি: জনতা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রনজন বর্মন শ্রীমঙ্গল শাখা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সম্প্রতি এরিয়ায় যোগদানকৃত এজিএম মুহাম্মদ ছয়ফুল আলম চৌধুরী।
পরিদর্শনকালে তাঁরা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এতে শাখায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
পরিদর্শনের সময় ডিজিএম রনজন বর্মন সাম্প্রতিক ১২০ দিনের ‘লো কষ্ট’ ও ‘নো কষ্ট’ ডিপোজিট কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শাখার সার্বিক ব্যাংকিং কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও গ্রাহকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের এ লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন শাখায় প্রথমবার আগমন উপলক্ষে এজিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি শাখার চলমান অগ্রগতি অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
লাস্টনিউজবিডি/জে আই