বাংলাদেশ নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রকাশিত: ৩:১৯:০০ অপরাহ্ণ, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফাইল ছবি
লাস্টনিউজবিডি, ৫ ফেব্রুয়ারি: আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি বুধবার (৪ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, দীর্ঘ ও সতর্ক আলোচনা-পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ব্যাপারটিতে পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। খবর জিও নিউজের।
ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারত ম্যাচ না খেলার ব্যাপারে পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে ‘যথাযথ’ বলে উল্লেখ করে শেহবাজ বলেন, ‘খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রেক্ষাপটে সম্মিলিত ও গভীর আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।’
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ভেন্যুতে তাদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এরপর, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদ ও সংহতি প্রকাশের অংশ হিসেবে আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
লাস্টনিউজবিডি/কেএম