শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহিদি শপথ’ কাল
প্রকাশিত: ৭:৩৮:০০ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর, ২০২৫

লাস্টনিউজবিডি, ২২ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শহিদি শপথ গ্রহণ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার শহিদি শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৩টায় শহিদ হাদি চত্বরে (শাহবাগ) সবাই সমাবেত হব। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহিদের স্মরণ করা হবে। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
তিনি বলেন, হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
লাস্টনিউজবিডি/কেএম