ফের এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান
প্রকাশিত: ৬:৪২:০০ অপরাহ্ণ, ৭ ডিসেম্বর, ২০২৫

ফাইল ছবি
লাস্টনিউজবিডি, ৭ ডিসেম্বর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে ফের হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
রোববার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতেই বেগম খালেদা জিয়ার পাশেই রয়েছেন।
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে, যার সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কাজে সরাসরি সম্পৃক্ত থেকে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন জুবাইদা রহমান। রোববার বেলা ১২টায় শুরু হওয়া মেডিকেল বোর্ডের বৈঠকেও তিনি অংশ নিয়েছেন।
লাস্টনিউজবিডি/কেএম