তাইয়েবা হত্যার মামলা তুলতে বাদী পরিবারকে চাপ, ছেলেকে হত্যার হুমকিও
প্রকাশিত: ১০:০৪:০০ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ২৯ সেপ্টেম্বর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছৈয়ালকান্দি গ্রামে ছয় বছরের শিশু তাইয়েবা হত্যার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার। মামলা তুলে নিতে আসামিপক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা ডলি আক্তার। হুমকি মানা না হলে ১২ বছরের ছেলে সাকিনকেও হত্যা করা হবে বলে ভয় দেখানো হচ্ছে।
গত বুধবার নিখোঁজ হয় নার্সারির ছাত্রী তাইয়েবা সরদার। বহু খোঁজাখুঁজির পর শুক্রবার প্রতিবেশী মেসবাহউদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই পুলিশ তাইয়েবার চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা ও রংমিস্ত্রি আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে আয়েশা বেগম শিশুটিকে হত্যা করেছেন। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় তাইয়েবার বাবা টিটু সরদার বাদী হয়ে মামলা করেন। আদালত আয়েশা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ডলি আক্তার অভিযোগ করেন, রোববার সকালে আসামি আয়েশার স্বামী সাহান সরদার, ছেলে আকিব সরদার ও ননদ রিনা ও রুমা তাদের বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দেন। তারা বলেন, মামলা চালিয়ে গেলে ডলির ছেলে সাকিনকেও তাইয়েবার মতো হত্যা করা হবে। হুমকির ভাষ্য ছিল—“তোর মেয়ের লাশ পাইছিস, এবার তোর ছেলের লাশও পাবি না।”
এ ছাড়া হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও হুমকি দেওয়া হয়েছে। দশম শ্রেণির ছাত্রী লামিয়া অভিযোগ করেন, “মানববন্ধনে গেলে আমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না” এমন হুমকি দেন সাহান সরদার। আয়েশার ছেলে আকিব মানববন্ধনের ভিডিও ধারণ করে সবাইকে ভয় দেখিয়েছে বলেও জানান তিনি।
শিশুটির মা ডলি আক্তার বলেন, আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
তাইয়েবার বাবা টিটু সরদার বলেন, ন্যায়বিচার চাইতে এসে আমরা আরও বিপদের মুখে পড়েছি। মামলায় আপস না করলে আমাদের মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে তারা। আমি মৃত্যুর মুখোমুখি হলেও মেয়ের হত্যার বিচার চাই।
তাইয়েবা হত্যার প্রতিবাদে এলাকাবাসী রোববার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে তারা সখিপুর থানা ঘেরাও করে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। বাদী পরিবার লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত।
প্রতিবেশীরা মনে করছেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সমাজে ভয়ংকর দৃষ্টান্ত তৈরি হবে। তারা বলেন, আসামিপক্ষ প্রকাশ্যে বাদী পরিবারকে হুমকি দিচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার না করলে ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে যাবে।
লাস্টনিউজবিডি/জে আই