ড. ইউনূসের বিশেষ সহকারী হচ্ছেন সাবেক আইজিপি খোদা বকশ
প্রকাশিত: ৮:০৪:০০ অপরাহ্ণ, ১০ নভেম্বর, ২০২৪

সাবেক আইজিপি খোদা বকশ
লাস্টনিউজবিডি, ১০ নভেম্বর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে। মন্ত্রণালয় ও সাবেক এই পুলিশপ্রধানের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
েএতদিন ড. ইউনূসের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম। তিনিেআজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তার জায়গায় প্রতিমন্ত্রী মর্যাদায় আসছেন সাবেক পুলিশপ্রধান খোদা বকশ। এছাড়াও অধ্যাপক ডা. সায়েদুর রহমানকেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হতে পারে।
সাবেক আইজিপি খোদা বকশ বলেন, ‘আমি উপদেষ্টা হচ্ছি না। তবে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করেন নতুন কিছু জানতে পারবেন।’
চট্টগ্রামের সন্তান মোহাম্মদ খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের অক্টোবরে সাবেক এই পুলিশপ্রধানসহ ৩৮ জন কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদা বকশ আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি পুলিশে যোগ দেন।
লাস্টনিউজবিডি/এএইচ