বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ ভারতে
প্রকাশিত: ৬:৩৬:০০ অপরাহ্ণ, ১৭ অক্টোবর, ২০২৪

ভারতের গরিব মানুষ
লাস্টনিউজবিডি, ১৭ অক্টোবর: বিশ্বে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস ভারতে। বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, সহিংসতাপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ৪৫ কোটি ৫০ লাখ দরিদ্র মানুষ বাস করে।
বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালায় জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি। এই গবেষণায় উঠে এসেছে বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষের বাস ভারতে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।
এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো।
গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে। যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।
ইউএনডিপি কর্মকর্তা আচিম স্টাইনার বলেন, সাম্প্রতিক বছর যুদ্ধের কারণে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘর হারিয়েছেন কোটি কোটি মানুষ।
অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পরিচালক সাবিনা আলকায়ার বলেন, ‘এই গবেষণায় প্রমাণ হয়েছে যে সহিংসতায় কীভাবে দরিদ্র মানুষকে প্রভাবিত করে। আমরা দেখেছি বিশ্বের ১১০ কোটি মানুষ এখন দরিদ্র। তাদের মধ্যে ৪৫ কোটি ৫০ লাখই যুদ্ধবিগ্রহ থাকা অঞ্চলে বাস করে।
লাস্টনিউজবিডি/এএইচ